বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২

কাজলটানা চোখ

কাজল ও মাশকারা। শুধু এ দুইয়ের ব্যবহারেই চোখ সাজাতে পারেন মনের মতো করে। আরেকটু জমকালো ভাব আনতে চাইলে আইশ্যাডো তো আছেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজল ব্যবহারেও এসেছে পরিবর্তন। এবারের নকশায় তেমন কিছু স্টাইলই তুলে ধরা হলো।

পুরোনো ধারার কাজল দেওয়ার সঙ্গে যোগ-বিয়োগ করেই নতুন অনেক স্টাইল দেখা যাচ্ছে ইদানীং। মোটা করে, ঘন করে, ইচ্ছামতো টানা টানা করে কাজল দেওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে এখন। চোখের ওপরের অংশে অনেকেই টেনে লাগাতে চান না। এ ক্ষেত্রে কাজলের শেষ প্রান্তে একটু ব্লেন্ড করে দেওয়া যায়। অথবা শেষ প্রান্তটা অনেক চওড়া করে আঁকা যেতে পারে। দেখতে ভালো লাগবে। রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান জানান, কাজল, মাশকারা ও লাইনার চোখের সাজে খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর করে কাজল আর আইশ্যাডো দিলে আইশ্যাডোর দরকার হয় না। তবে পরিবেশ, পোশাক, বয়স অনুযায়ী কাজলের ব্যবহার সঠিক হতে হবে। না হলে পুরো সাজটাই বেখাপ্পা লাগবে।
কাজল দিলে চোখ দুটো দেখতে বড় লাগে। এ জন্য বড় চোখের অধিকারীরা চোখের নিচের অংশে কাজল না দিলেই ভালো। চোখের পাপড়ির কাছ দিয়ে সুন্দর করে আইলাইনার দিয়ে, মাশকারা লাগালেই হয়ে যাবে। আর ছোট চোখের জন্য নিচের দিকে কাজল লাগিয়ে ঘন করে মাশকারা লাগাতে হবে। চোখের ওপরের অংশে আইলাইনার দেওয়ার প্রয়োজন নেই।

চোখের যত্ন
কাজল ও মাশকারা হতে হবে ভালো ব্র্যান্ডের। চোখ বলে কথা। ঘুমানোর আগে অবশ্যই আই মেকআপ তুলে ফেলতে হবে। কাজল বেশিক্ষণ রাখার ফলে চোখের নিচে কালো দাগ পড়ে যায়। কারণ, এতে রাসায়নিক পদার্থ থাকে। অ্যালকোহল নেই এমন আই মেকআপ রিমুভার তুলায় লাগিয়ে চোখ পরিষ্কার করতে হবে।
ফারজানা আরমান জানান, দেশীয় পোশাকের সঙ্গে মোটা এবং ঘন করে কাজল, আইলাইনার দিলে দেখতে ভালো লাগে। কিন্তু পাশ্চাত্য পোশাকের সঙ্গে টেনে কাজল কিংবা আইলাইনার না লাগানোই ভালো। মাশকারা ঘন করে দিলেই ভালো দেখাবে। তবে কেউ যদি একান্তই দিতে চান, সে ক্ষেত্রে আইল্যাশ বরাবর কাজল দিতে পারেন। এরপর ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। তাহলে পাপড়ির নিচে বেশ নাটকীয়ভাব চলে আসবে।

মনে রাখুন
 মাশকারা কেনার সময় বুঝে কিনতে হবে। কারও দরকার ভলিউম বেশি তৈরি করবে এমন মাশকারা। কারও আবার পাপড়িগুলো লম্বায় ছোট হয়ে থাকে। সেটার জন্যও পাওয়া যায় আলাদা মাশকারা।
 দিনের বেলায় আইলাইনার না দিলেই ভালো দেখাবে। এ সময় শুধু কাজল আর মাশকারাই যথেষ্ট। তবে যদি দিতেই চান, তাহলে জেল আইলাইনার দিতে পারেন। এটা একটা ম্যাট লুক দেবে। চকচকে ভাবটা আইজেলে আসবে না। রাতের বেলায় আইলাইনার দেওয়া যাবে।
 দিনের বেলায় পানিনিরোধক কাজল ও মাশকারা ব্যবহার করুন।
 দিনের বেলায় খুব মোটা করে কাজল না লাগানোই ভালো।’

সুস্থ থাকুন বর্ষায়

বর্ষার নবধারা জল যেমন আবর্জনা ধুয়ে দেয়, তেমনি বর্ষা অনেক রোগও বয়ে আনে। কেমন করে বর্ষা রোগ আনে? বর্ষার জল যখন জলাবদ্ধতা সৃষ্টি করে, তখন খুব সহজেই সেই পানি দূষিত হয়ে যায়। আর সেই পানির সংস্পর্শে এলে রোগবালাইও হতে পারে। তারপর আবার ভেজা আবহাওয়ায় ঘর থাকে স্যাঁতসেঁতে। এমন পরিবেশ তো রোগ-জীবাণুর জন্য খুব অনুকূল। তাই তো বাদল দিনগুলো উপভোগের পাশাপাশি সচেতনও হতে হবে। এই বর্ষার জলে যে রোগগুলো বেশি হয় তার মধ্যে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস উল্লেখযোগ্য। এ ছাড়া কৃমির সংক্রমণও ঘটে প্রচুর। রোগগুলো কেমন করে ছড়ায়, একটু সংক্ষেপে জেনে নিন এবার।
ডায়রিয়া
এ সময় ডায়রিয়ার প্রধান কারণ হলো দূষিত পানি পান। বর্ষার জলের সঙ্গে মিশে জীবাণুগুলো ছড়িয়ে পড়ে দ্রুত। শিশুরাই বেশি আক্রান্ত হয়।
কারণ, তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বড়দের তুলনায় কম। তাই ছোট-বড় সবারই পানি পানে সতর্ক হতে হবে।
কলেরা
কলেরা হয় রোটা ভাইরাসের সংক্রমণে।
কলেরায় আক্রান্ত রোগীর দেহ থেকে পানি ও লবণ বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি। রোগী দুর্বল হয়ে পড়ে। দ্রুত চিকিৎসা করা না গেলে রোগী কিন্তু মারাও
যেতে পারে।
টাইফয়েড
বর্ষাকালেই টাইফয়েড জ্বরের প্রকোপ বেশি থাকে। সালমোনেলা টাইফি নামের জীবাণু দ্বারা পানি ও খাবার দূষিত হয় এ সময়। সেই পানি কিংবা খাবার খেলে মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়।
আক্রান্ত ব্যক্তি থেকে আবার জীবাণু ছড়িয়ে পড়ে অন্যের দেহে।
হেপাটাইটিস
হেপাটাইটিস একধরনের যকৃতের রোগ। হেপাটাইটিসের বেশ কিছু প্রকারভেদ আছে। তার মধ্যে হেপাটাইটিস-এ ও হেপাটাইটিস-ই বর্ষাকালে বেশি হয়। কারণ, এ দুটি পানিবাহিত ভাইরাস। দূষিত পানির মাধ্যমে রোগটি মানুষের দেহে ছড়ায়।
কৃমি সংক্রমণ
বর্ষাকালে কৃমি সংক্রমণের প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে। বর্ষার জল আর কাদামাটিতে মিশে থাকে এই জীবাণু। তাই খুব সহজেই কৃমির সংক্রমণ ঘটে এ সময়ে।
কেমন করে বর্ষার এই রোগগুলো প্রতিরোধ করা যায়—জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ বলেন, ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বর্ষার রোগগুলো প্রতিরোধ সম্ভব। তার পরও যদি রোগ এড়ানো না যায়, চিকিৎসকের শরণাপন্ন তো হতেই হবে। তার পরও বলব, এ সময় সতর্ক থাকাটা খুব জরুরি।’

প্রতিরোধে করণীয়
 সব সময় খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। শিশুদের দিকে বাড়তি নজর দিতে হবে এ সময়ে।
 স্নান কিংবা আহার, এমনকি গৃহস্থালি জিনিসপত্র ধোয়ার ক্ষেত্রেও বিশুদ্ধ পানি ব্যবহার করুন।
 বাইরে বেরে হওয়ার সময় সঙ্গে করে বিশুদ্ধ পানি নিয়ে যাওয়াই ভালো। একান্তই বাইরের পানি পান করতে হলে তা বিশুদ্ধ কি না, ভালো করে জেনে নিন।
 বাড়িতে পানি ফুটিয়ে পান করার অভ্যাস করুন। একান্তই ফোটানো সম্ভব না হলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কিংবা ফিটকিরি ব্যবহার করুন।
 তাজা শাকসবজি খেতে হবে। রান্না করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে শাকসবজিগুলো। পচা-বাসি খবার একদমই খাওয়া যাবে না।
সাধারণত এ নিয়মগুলো মেনে চললে বর্ষার রোগবালাই কিন্তু প্রতিরোধ সম্ভব। তার পরও যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, একদমই সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একটুখানি সচেতনতা আর চিকিৎসকের পরামর্শ পরিবারের প্রিয় মানুষটিকে অনেক বিড়ম্বনা থেকে বাঁচিয়ে দেবে।

বর্ষার মেকআপ

ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে প্রকৃতি। এই রোদ এই বৃষ্টি। সাজসজ্জার জন্য দুটোতেই বিপত্তি। গরমের ঘামে বা বৃষ্টির ছাটে মুখের প্রসাধন নষ্ট হয়ে যেতে পারে। সে কারণে এ সময়ের মেকআপের সব সামগ্রীই হতে হবে পানিরোধক। এর কোনো বিকল্প নেই।

 ‘এ ধরনের আবহাওয়ায় খুব যত্নের সঙ্গে মেকআপ করতে হবে। মুখের বেইস করার সময় খেয়াল রাখতে হবে ত্বকের ধরন। জমকালো কোনো অনুষ্ঠানের জন্য সাজতে চাইলে ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে পাউডার ফাউন্ডেশন বা মিনারেল ফাউন্ডেশন ব্যবহার করা ঠিক নয়। শুরুতে ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে প্যানস্টিক মুখে ও গলায় লাগিয়ে নিন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে ত্বকের সঙ্গে। দীর্ঘস্থায়ী মেকআপের জন্য এর ওপরে ডাস্ট পাউডার দিয়ে নিতে হবে। এটি বাজারে কিনতে পাওয়া যায়। এই পাউডার ব্যবহারের পর ব্রাশ দিয়ে বাড়তি পাউডার ঝেড়ে ফেলতে হবে। এবার শেষ পর্যায়ে প্যানকেক ব্যবহার করলে বৃষ্টিতে বা ঘামে মেকআপ নষ্ট হবে না। এ ছাড়া কেউ যদি ত্বক চকচকে দেখাতে চায় তাহলে তরল ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। এতে বৃষ্টির পানি মুখে লেগে থাকবে না। বৃষ্টিতে ভিজলেও টিস্যু দিয়ে একটু চাপ দিয়ে নিলেই পানি সরে যাবে।’


কাজল, মাশকারা ও আইলাইনার অবশ্যই পানিরোধক হতে হবে। এ সময়ের জন্য জেল কাজল বেশি ভালো। চোখের নিচের অংশে কাজল আর ওপরের অংশে আইলাইনার ভালো দেখাবে। আইশ্যাডোর ব্যবহারের আগে মনে রাখতে হবে সেটি যেন ক্রিম আইশ্যাডো হয়। পাউডার বা তরল আইশ্যাডো ব্যবহার করা উচিত নয়। তাতে বৃষ্টিতে ভিজে সমস্ত সাজই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।
বর্ষার সময় পাউডার ব্লাশন ব্যবহার করা যেতে পারে। তবে গোলাপি, বাদামি বা পিচের মতো হালকা রংগুলো মানানসই এ সময়ের সাজে।
এবার তো ঠোঁটকেও রাঙাতে হবে। এ জন্য ম্যাট লিপস্টিকই একমাত্র ভরসা। গ্লস লিপস্টিক বা লিপগ্লস ব্যবহার করবেন না। দিনে হালকা রঙের লিপস্টিকই ভালো। রাতের জন্য গাঢ় উজ্জ্বল রঙের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙাতে পারেন।
আসল কথা হলো, একটু বাড়তি যত্ন ও সর্তকতা নিয়ে এ সময়ের মেকআপ করতে হবে। পানিরোধক প্রসাধনসামগ্রী ব্যবহার করলে ঘুমানোর আগে খুব ভালোভাবে তুলে ফেলতে হবে।

শুক্রবার, ১৫ জুন, ২০১২

ঝলমলে চুল পেতে

ঝলমলে সুন্দর চুল কে না চায়। চুলটা একটু রেশমি হোক, নরম হোক, তবেই না সাজের সঙ্গে মিলিয়ে খেলা করা যাবে চুলের সঙ্গে। রেশমের মতো নরম ও চকচকে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে দেখে নিন  কিছু পরামর্শ।
 


চুল মূলত চার ধরনের হয়। ধরন বুঝে কিছু প্রাকৃতিক যত্ন নিলে ঘরে বসেই পেতে পারেন রেশমি ও ঝলমলে চুল।

তৈলাক্ত চুল
তৈলাক্ত চুল সারাক্ষণই চটচটে হয়ে থাকে। ভেজা ভাব থাকে, ফলে খুব দ্রুত খুশকি ও ময়লা জমে। এ চুল সপ্তাহে অন্তত তিন দিন খুব ভালো শ্যাম্পু দিয়ে ঠান্ডা পানিতে ধুতে হবে। খুব বেশি ম্যাসাজ বা তেল দেওয়া যাবে না। অনেকক্ষণ চিরুনি দিয়ে আঁচড়াবেন না। এতে আরও বেশি তেল নিঃসৃত হবে। শ্যাম্পু শেষে সাধারণ কন্ডিশনার ব্যবহার করতে পারেন। তারপর এক মগ পানিতে চার টেবিল চামচ লেবুর রস মিলিয়ে ধুয়ে ফেলবেন।

মিশ্র চুল
অনেকের চুল মিশ্র প্রকৃতির হয়। এই চুলের গোড়া চটচটে থাকে, কিন্তু উপরিভাগ রুক্ষ প্রকৃতির হয়। মিশ্র চুলে সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। শ্যাম্পুর আগে কুসুম গরম তেলে লেবুর রস মিশিয়ে হালকা ম্যাসাজ করে নেবেন। পানিতে গ্লিসারিন মিশিয়েও ম্যাসাজ করতে পারেন।


রুক্ষ চুল
আজকাল রুক্ষ চুলও খুব বেশি দেখা যায়। ধুলাবালি, রোদের ক্ষতিকর প্রভাবে চুল রুক্ষ হতে পারে। রুক্ষ চুলে কোনো চকচকে ভাব থাকে না, চুলের আগা ফাটা হয়। এই চুল অন্তত তিন দিন খুব ভালো ম্যাসাজ করতে হবে তেল দিয়ে। ময়েশ্চারসমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করতে হবে ও ডিপ কন্ডিশনিং করা চাই। শ্যাম্পুর আগে তেলের বদলে ঘৃতকুমারীর (অ্যালোভেরা) শাঁস বা দুধ ও মধুর মিশ্রণ দিয়েও ম্যাসাজ করা যায়। শ্যাম্পু শেষে এক মগ পানিতে দুই টেবিল চামচ লেবুর রস ও চার টেবিল চামচ মধু মিলিয়ে চুল ধুতে পারেন।

স্বাভাবিক চুল
যাঁদের চুল স্বাভাবিক, তাঁদের চুল নিয়ে খুব কমই ভাবতে হয়। তাঁদের চুল স্বাভাবিকভাবেই রেশমি হয়। তাঁরা সপ্তাহে এক দিন শ্যাম্পু করলেও চলে। মাঝেমধ্যে রিঠা, শিকাকাই ও আমলকী ভেজানো পানি চুলে ম্যাসাজ করতে পারেন।
সবশেষে রাহিমা সুলতান বললেন, যেকোনো ধরনের চুল সপ্তাহে এক দিন চা-পাতার লিকার দিয়ে ধুলে চুল রেশমি থাকে। ডিমের কুসুমের সঙ্গে গোলাপজল মিলিয়ে চুলে ম্যাসাজ করলেও চুলের কন্ডিশনারের কাজ হয়। মেথির দানা পানিতে ভিজিয়ে চুলে ম্যাসাজ করে কুসুম গরম পানিতে ধুলেও চুলের স্বাস্থ্য ভালো থাকবে ও সিল্কি হয়ে উঠবে।